২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ১১শ কেজি ইলিশ আটক

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেস থেকে বুধবার রাতে ১১শ কেজি ইলিশ মাছ আটক করেছে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স। এগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে টাস্কফোর্স কর্মকর্তারা মনে করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 10:27 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেস থেকে বুধবার রাতে ১১শ কেজি ইলিশ মাছ আটক করেছে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স। এগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে টাস্কফোর্স কর্মকর্তারা মনে করছেন। একই রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন থেকে প্রায় ২২ লাখ টাকার ভারতীয় কাপড় ও ফেন্সিডিল আটক করেছে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ রাইফেলস্ এর ৩৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর একরামুল হক জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেসে ম্যাজিস্ট্রেট সারজিল হাসানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালিয়ে ১১শ কেজি ইলিশ মাছ আটক করে। এ সময় পাচারকারিদের কেউ গ্রেপ্তার হয়নি। বৃহস্পতিবার সকালে মাছগুলো কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। পরে সেগুলো নিলামে বিক্রি করা হয়। এদিকে, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর জালিবাগ এলাকায় বুধবার রাত সাড়ে ৩টার সময় অভিযান চালিয়ে ২২ লক্ষ ৬০ হাজার টাকার ভারতীয় কাপড় ও ফেন্সিডিল আটক করেছে গোয়েন্দা পুলিশ। সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক নাজমুল হোসেন জানান, জালিবাগ ঈদগাহ মাঠের কাছে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ৪০ থান উন্নতমানের ভারতীয় জর্জেট কাপড় ও ১৩শ বোতল ফেন্সিডিল ট্রাকে ওঠানোর সময় আটক করে। ট্রাকটিও এসময় আটক করা হয়েছে। তবে অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নাজমুল হোসেন জানান, আটক করা মালামালের দাম ২২ লক্ষ ৬০ হাজার টাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬২৯ ঘ.