চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে বুধবার রাতে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শফিকুলের লাশ বিএসএফ নিয়ে গেছে। তিনি মেদিনীপুর গ্রামের জামাত আলীর ছেলে।
বিডিআর ও স্থানীয় গ্রামবাসীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে শফিফুল ইসলাম তার হারিয়ে যাওয়া একজোড়া গরু খুঁজতে গিয়ে ভুল করে সীমান্তের শূন্য রেখায় চলে যান।
এ সময় সীমান্তের ৬৩ নং মেইন পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা পর পর দুই রাউন্ড গুলি ছুড়লে তিনি মারা যান।
৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে ব্যাটালিয়ন পর্যায়ে লোক পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২২১ ঘ.
bdnews24