ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. আবদুল মতিন শপথ নিয়েছেন।
বুধবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বিচারপতি মতিনকে শপথ পাঠ করান।
অনুষ্ঠানে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে বদরুল হক ছাড়াও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার ইকতেদার আহমেদ।
শপথ অনুষ্ঠান শেষে বিচারপতি মো. আবদুল মতিনকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এতে বক্তব্য রাখেন বিচারপতি মো.আবদুল মতিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি এ টি এম মিজানুর রহমান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।
গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিধান অনুযায়ী মো. আবদুল মতিনকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করেন।
বিচারপতি মো. আবদুল মতিন ১৯৯৬ সালের ১ জুন হাইকোর্টের বিচারক হিসাবে নিয়োগ পান। এর আগে তিনি ১৯৮০ সালের ৭ মার্চ আপিল বিভাগের আইনজীবী তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালের ২৩ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হন।
১৯৬৬ সালের ৪ নভেম্বর আইনজীবী হিসাবে প্রথম তালিকাভুক্ত হয়ে তিনি সিলেট জেলায় আইন পেশা শুরু করেন।
বিচারপতি মো. আবদুল মতিন ১৯৪৩ সালের ২৬ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জের সুলতানপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে এসএসসি ও ১৯৬১ সালে এইচএসসি পাস করেন। এরপর ১৯৬৩ সালে বিএ ও ১৯৬৫ সালে এলএলবি পাস করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৩৫৯ঘ.
bdnews24