সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অ্যাসিড ছুড়ে এক নারী ও তার ছেলেকে ঝলসে দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ১৪ বছর ও অপর তিন জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার মহেশ্বরপাশা গ্রামের তায়জুল গাজি, আয়নুল গাজি, সফদার গাইন ও আহসান উল্লাহ। এর মধ্যে তায়জুল গাজিকে ১৪ বছর সাজা দেওয়া হয়েছে। বাকিদের সাজা ১০ বছর।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১১ ডিসেম্বর কালীগঞ্জের পিরোজপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী হাসিনা খাতুন ও সাত মাস বয়সী শিশু গোলাম মাওলার দেহে আসামিরা অ্যাসিড ছুড়ে মারে।
ওই ঘটনার ১০ দিন পর হাবিবুর রহমান বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৯ ঘ.
bdnews24