ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোয় প্রকাশিত কার্টুনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা। তারা দেশবাসীকে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের অনুরোধ করেছেন।
মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে বৈঠক শেষে তারা এ আহ্বান জানান।
আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিতর্কিত কার্টুন প্রকাশের কারণে প্রথম আলো'র ঘোষণাপত্র বাতিল ও এর সম্পাদক প্রকাশকসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। এজন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ইসলামী নেতারা।
বৈঠকে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের খতিব উবায়দুল হক, ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনী, মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দীন খান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জামাল আরেবদিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা কামালউদ্দীন জাফরি প্রমুখ।
পরে ফজলুল হক আমিনী সাংবাদিকদের বলেন, "আগামী শুক্রবারের মধ্যে প্রথম আলোর প্রকাশনা বাতিল ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। বিষয়টি আমরা উপদেষ্টাকে জানিয়েছি।"
খতিব উবায়দুল হকের পক্ষে মাওলানা মহিউদ্দীন বলেন, "দৈনিক প্রথম আলোর সাময়িকী আলপিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাম জড়িয়ে যে ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপা হয়েছে তা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এর মাধ্যমে দেশের ভেতরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ কারণে আমরা পত্রিকাটির ঘোষণাপত্র বাতিল ও সম্পাদক প্রকাশকসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
এ ইস্যুকে কেন্দ্র করে দেশে যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য দেশবাসীকে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানান।
ধর্মীয় নেতারা এ বিষয়ে সরকারের এরই মধ্যে নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ নিয়ে শুধু ধর্মীয় নেতারা নন, সরকারসহ সবাই উদ্বিগ্ন। একটি মুসলিম দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অত্যন্ত পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। এর পেছনে কোনও ষড়যন্ত্র কাজ করেছে। সরকার এরই মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হবে। যারা দোষী তাদের সবার শাস্তির ব্যবস্থা করা হবে। ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে যাতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এসএনডি/এমএ/১৭২৮ ঘ.
bdnews24