সিলেট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে নয় বছর কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
সিলেট অতিরিক্ত দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক বিনয় কুমার মজুমদার মঙ্গলবার এ রায় দেন। রায়ে চাঁদা চাওয়ার অপরাধে ফৌজদারি আইনের ৩৮৫ ধারায় নাসের রহমানকে সাত বছর এবং মারধরের অভিযোগে ৫০৬ ধারায় দুই বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে দুটি সাজা একসঙ্গে কার্যকরের নির্দেশ থাকায় নাসের রহমানকে সাত বছর কারাভোগ করতে হবে।
আদালতের রায়ে মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালি সিদ্দিকী এবং সড়ক ও জনপথ (সওজ) মৌলভীবাজার জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক, সিলেটের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
মামলার দুই আসামি শ্রীমঙ্গল সড়ক ও জনপথ বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মনোয়ার সাদিক ও মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ফয়জুল করিম ময়ূনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় নাসের রহমান, ফয়জুল করিম ময়ুন ও মনোয়ার সাদিক আদালতে হাজির ছিলেন।
মামলার দুই নম্বর আসামি সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরীর বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
এ মামলায় মোট ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের অতিরিক্ত পিপি লুৎফুল কিবরিয়া শামীম, এপিপি জগবন্ধু দাস। নাসের রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। ফয়জুল করিম ময়ুন ও মনোয়ার সাদিকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুলেমান রাজা চৌধুরী, অ্যাডভোকেট এটিএম মাসুদ টিপু ও অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী।
দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সিলেট নগরীর মীরাবাজারের ঠিকাদার নূরুজ্জামান গত ১৬ ফেব্র"য়ারি সিলেট কোতোয়ালি থানায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানসহ নয় জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পরদিন ১৭ ফেব্র"য়ারি সাইফুর রহমানের নাম বাদ দিয়ে আট জনকে আসামি করে মামলাটি নথিভুক্ত হয়।
একমাস পর ১৭ মে পুলিশ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। গত ৬ আগস্ট আরিফুল হক চৌধুরী বাদে অপর ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার এজাহারে ঠিকাদার নূরুজ্জামান দাবি করেছেন, ২০০২-০৩ অর্থবছরে সওজের ফেঞ্চুগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ৩২ কোটি টাকার কাজ পাওয়ার পর নাসের রহমান তার কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। এ টাকা না দেওয়ায় ক্ষমতার দাপট খাটিয়ে ২০ অক্টোবর পুরো কাজ বাতিল করা হয়। এ সময় ব্যাংক জামানত ২ কোটি ৮৫ লাখ টাকাও ফেরত দেওয়া হয়নি।
অভিযোগে আরও বলা হয়, চাঁদা না দেওয়ায় বাদিকে ২০০৩ সালের ১৮ নভেম্বর প্রভাব খাটিয়ে আটক করা হয়। শ্রীমঙ্গল থানা হাজতে আটকে রেখে নাসের রহমান নিজে উপস্থিত থেকে মারধর করেন বলেও অভিযোগ করেন নূরুজ্জামান ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/এসকে/১৪১১ ঘ.
bdnews24