ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামকে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে মুক্তি দেওয়ার আবেদন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "নুরুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অপহরণকারীদের প্রতি আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আফগানিস্তানে তিনি কেবল মানবিক সহায়তার কাজের সঙ্গে জড়িত ছিলেন।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অপহৃত ব্র্যাক কর্মকর্তার মুক্তির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা সোমবার বাংলাদেশে আফগান রাষ্ট্রদূত আহমেদ করিম নওয়াবির সঙ্গেও কথা বলেন। এ সময় আফগান রাষ্ট্রদূত নুরুল ইসলামকে উদ্ধারে তার সরকারের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
এদিকে, অপহৃত ব্র্যাক কর্মকর্তাকে উদ্ধারের জন্য রোববার থেকে আফগানিস্তানে বিশেষ অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কর্মকর্তা নুরুল ইসলামকে শনিবার দুপুরে লোগার প্রদেশের কার্যালয় থেকে অপহরণ করা হয়। এ সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রা লুট করে।
ঢাকায় ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুরুল ইসলাম লোগার প্রদেশে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএনডি/এমএ/১৭০৭ ঘ.
bdnews24