আবু নোমান সজীব
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জীবনের শেষ বেলায় এসে খোলা আকাশের নীচে সংসার পেতেছেন সত্তোরোর্ধ শুক্কুর মিয়া। বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য আছে শুধুমাত্র একটুকরো নীল রংয়ের পলিথিন। শুধু তাই নয় চুলার অভাবে রান্না করতে না পারায় শুধুমাত্র পানি খেয়েই রোজা রাখছেন তিনি এবং তার পরিবার। আর ইফতারি করছেন এক মুঠো চিড়া ও এক গ্লাস পানি দিয়ে।
এ চিত্র শুধু শুক্কুর আলীর না। রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি হিসেবে পরিচিত স্বাস্থ্য বিভাগের জমি থেকে উচ্ছেদের পর শুক্কুর আলীর মতো বৃদ্ধ ও শিশুসহ কমপক্ষে পাঁচ হাজার মানুষ এখন এভাবেই তাদের দিন কাটাচ্ছে।
রমজান মাস শুরুর মাত্র দুদিন আগে গত ১১ সেপ্টেম্বর ওই বস্তির কমপক্ষে এক হাজার পরিবারের কয়েক হাজার ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় উচ্ছেদকারী দল। মাত্র ১২ ঘন্টার নোটিশে উচ্ছেদ অভিযান শুরু করায় হঠাৎ করেই আশ্রয়হীন হয়ে পড়ে এ বস্তির কমপক্ষে ১০ হাজার নারী-পূরুষ।
যে কোনো উচ্ছেদ অভিযানের আগে পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও উচ্ছেদের পাঁচদিন পার হওয়ার পর এখন পর্যন্ত ওই বস্তির বাসিন্দাদের পুনর্বাসনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি সরকারী বা বেসরকারী কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোন খোঁজ-খবরও নেওয়া হয়নি।
রোববার বিকেলে উচ্ছেদকৃত বস্তির জায়গায় গিয়ে দেখা যায়, বস্তিবাসীদের কেও কেও নতুন ঠিকানার উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও অধিকাংশই বর্তমানে পাশের একটি মাঠে এবং উচ্ছেদকৃত জায়গায় পলিথিন টানিয়ে কোনরকমে বেঁচে থাকার চেষ্টা করছে। আবার অনেকে নতুন ঠিকানা না পেয়ে আবারও ফিরে আসছে আগের জায়গাতেই।
কিন্তু স্থানীয় একজন ওয়ার্ড কমিশনারের লোকজন ও গণপূর্ত বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী বস্তিবাসীদের রোববার দুদিনের মধ্যে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। বস্তিবাসিরা অভিযোগ করে এ সময়ের মধ্যে চলে না গেলে পুলিশ দিয়ে পিটিয়ে তাদের এলাকাছাড়া করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
বস্তিবাসী আব্দুস জাহের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এই প্রতিনিধিকে জানান, স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ এবং তার সহযোগী জনৈক সেলিম, মোর্শেদ ও আবু তাহের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
আক্ষেপ করে তিনি বলেন, "ঢাকার ভেতরে বন্যা, দেশেও বন্যা। আমরা যাবো কোথায়। আমরা কি দেশের নাগরিক না। আমাদের কি কোন অধিকার নাই?"
তিনি বলেন, "তিন দিন, তিন রাত একটানা দোকানে কাটিয়েছি। আর পারছি না। অন্যজায়গায় গিয়ে নতুন বাসা খুঁজেও পাওয়া যাচ্ছে না। কারণ সাততলা বস্তি ভাঙ্গার খবর পেয়ে অন্য বস্তিগুলোতে ঘর ভাড়া এক হাজার টাকার জায়গায় আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাড়েোইছ।"
বস্তিবাসী হোসনে আরা বেগম বলেন, "এই রোজার আগে আমাগো সঙ্গে যা করা হইছে, আল্লাহও তা সহ্য করবো না। শুধুমাত্র পানি দিয়ে ইফতারি করতাছি। তাও আবার গণপূর্তের লোকরা আইসা বস্তির পানির লাইন কাইটা দিছে। "
বস্তির বাসিন্দা স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারি কামালউদ্দিন বলেন, "জীবনে কখনো রোজা ভাঙ্গিনি। কিন্তু এবার কোন রকমে প্রথম দিন রোজা রাখলেও আর পারতাছি না।"
এ সময় কামালউদ্দিনের ছেলে আমিনউদ্দিন বস্তির পাশের ঘোড়ার মাঠে পলিথিনের নীচে রাখা তাদের সাত ভাই বোনের কয়েকটি বস্তাবন্দী বই-পত্র দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে, সরকার কি আমাগো দিকে তাকাবো না?।
এদিকে বস্তিবাসীরা অভিযোগ করেছেন, তাদের সব ঘর ভেঙ্গে দেওয়া হলেও গণপূর্ত বিভাগের কর্মচারী আবু তাহের এবং রুস্তমের গড়ে তোলা দুটি টিনশেড বাড়ি এখনো বহাল তবিয়তেই আছে। লাল নিশানা টানানো ওই দুটি বাড়ির মধ্যে আবু তাহেরের বাড়িতে ৪ টি পরিবার এবং রুস্তমের বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকছে বলে বস্তিবাসীরা জানান।
উচ্ছেদের শিকার মনোয়ারা বেগম প্রশ্ন করেন, "এক দেশে দুই নিয়ম কেন বাবা। হাজারবার হাতজোড় কইরাও আমার ঘরডা রক্ষা করতে পারলাম না। কিন্তু তাহেরের ঘরের কিছুই হলো না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএ/১৪১০ঘ.
bdnews24