ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রমজান মাসে রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ছয় হাজার পুলিশ ও এক হাজার নয়শ র্যাব সদস্য মোতায়েন থাকবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের সভাপতিত্বে সকাল ১১ টায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মহাপুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহম্মেদসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের বলেন, "রোজা এবং ঈদ উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত ছয় হাজার পুলিশ সদস্য এবং এক হাজার নয়শ র্যাব সদস্য মোতায়েনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।"
তিনি বলেন, এর মধ্যে মহানগরীর ৪২৯ টি স্থানে পুলিশের ফুট প্যাট্রোল থাকবে। মোবাইল টিম থাকবে ১৩৬ টি। ডিবির ২৪ টি দল মাঠে থাকবে। মোটর সাইকেল টহল থাকবে ১০০ টি। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পাঁচশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া রাজধানীর বিভিন্ন মার্কেট ও অলিগলিতে র্যাবের ৫ টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। এর বাইরে স্ট্রাইকিং ফোর্সও থাকবে।
আব্দুল করিম জানান, "রমজান মাসে ট্যাক্সিক্যাব ও সিএনজি চালকদের যাত্রীর ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে যেতে বাধ্য করা হবে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করবে।"
বৈঠকে অংশ নেওয়া র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতিমধ্যে র্যাব সদস্যদের মোতায়েনের কাজ শুরু হয়েছে। আর কয়েকদিন পর ঈদের বাজার আরো জমে উঠলে সব সদস্য মোতায়েনের কাজ শেষ করা হবে।"
র্যাব মহাপরিচালক জানান, রমজান মাসে সেহরি ও ইফতারের সময় টহল ও নজরদারি জোরদার করা হবে। কেনাকাটা করার পর মানুষ যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে সেজন্য রাজধানীর অলিগলিগুলোতে র্যাব সদস্যরা টুইন মটরসাইকেল নিয়ে টহল দেবে। এরকম প্রায় ২০০ টি মটরসাইকেল টিম কাজ করবে।
এছাড়া ঈদের এক বা দুই সপ্তাহ আগে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং টিকিটের কালোবাজারি রোধ করার জন্য বাস টার্মিনাল, রেলস্টেশন ও নৌ-বন্দরগুলোতে নজরদারি বাড়ানো হবে। এ কাজে আনসার বাহিনী সহযোগিতা করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএনএস/এমএআর/এমএ/ ১৭১৮ ঘ.
bdnews24