২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ তদন্তে সরকারী কমিটি শিগগিরই মালয়েশিয়া যাচ্ছে

শ্রমিক অসন্তোষের ঘটনা তদন্ত করতে আগামি দুই একদিনের মধ্যেই একটি সরকারী কমিটি মালয়েশিয়া যাবে। এ ঘটনার উপযুক্ত একটি সমাধান বের করতে এ কমিটি সরকারের কাছে একটি প্রতিবেদন পেশ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শ্রমিক অসন্তোষের ঘটনা তদন্ত করতে আগামি দুই একদিনের মধ্যেই একটি সরকারী কমিটি মালয়েশিয়া যাবে। এ ঘটনার উপযুক্ত একটি সমাধান বের করতে এ কমিটি সরকারের কাছে একটি প্রতিবেদন পেশ করবে। আন্তমন্ত্রণালয় তদন্ত দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন। বাংলাদেশী শ্রমিকদের সঙ্গে প্রতারণা করার দায়ে অভিযুক্ত মালয়েশিয়ার প্রতিষ্ঠানের ব্যাপারে সেদেশের সরকারের কাছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে । এশিয়া প্যাসিফিক নামের এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা গ্রহণের জন্য সেদেশের সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বাংলাদেশ । পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. ইফতেখার আহমদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন,"বাংলাদেশী শ্রমিকদের প্রতারণা করায় এশিয়া প্যাসিফিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেদেশের সরকারের কাছে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছে।" উপদেষ্টা আরো জানান, কুয়ালালামপুরের বাংলাদেশী দূতাবাসের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং শ্রমিক অসন্তোষ সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে তিনি নির্দেশও দিয়েছেন। কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গন থেকে বিক্ষোভরত শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান। এশিয়া প্যাসিফিক এর দ্বারা প্রতারিত বেশ কিছু বাংলাদেশী শ্রমিক কয়েকদিন ধরে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস ভবনের বাইরে অনশন পালন করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে ছয় মাসের বকেয়া বেতন পরিশোধ এবং সেদেশে স্থায়ী চাকরির নিশ্চয়তা। বাংলাদেশ দূতাবাস সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করলেও দূতাবাস তা অস্বীকার করেছে। দূতাবাস পাল্টা অভিযোগ করে বলেছে শ্রমিকদের অনেকে বরং সমস্যা সমাধানের পধে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশীয় সরকারের সহযোগিতায় আন্দোলনকারী শ্রমিকদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসকে/১৬১৬ঘ.