ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. সদরুল আমিনকে রোববার কারাগারে পাঠানো হয়েছে।
গত ২১ এবং ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সহিংস ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া দুই মামলায় রবিবার সকালে তিনি আত্মসমর্পণ করলে দুপুর পৌনে ১ টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট এসএম ফেরদৌস আহমেদ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত তার আইনজীবীদের আবেদন অনুযায়ী শুনানি শেষে তাকে কারাগারে সুচিকিৎসা ও ডিভিশনের ব্যাপারে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ড. সদরুল আমিন ও অপর শিক্ষক নেতা ড. নিমচন্দ্র ভৌমিক সহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেয়া হয়।
সদরুল আমিন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও গোলাম মোস্তফা খানের মাধ্যমে আত্মসমর্পণ করেন।
গত ৯ সেপ্টেম্বর দুই মামলায় সদরুল আমিন, নিম চন্দ্র ভৌমিক সহ ১৬ জনকে পলাতক দেখিয়ে ও ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ সহ ৩ জনকে আটক দেখিয়ে অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে।
জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় দুই মামলায় জামিন চাওয়ার বিধান নেই বলে আইনজীবীরা শুধুমাত্র তার ডিভিশন ও চিকিৎসা চান আদালতে। তারা শুনানিতে বলেন, অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের স্বনামধন্য শিক্ষক ও সম্ভ্রান্ত জীবন যাপনে অভ্যস্ত, অভিজাত পরিবার থেকে আসা। তাই তার ডিভিশন ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক।
গত ২৩ আগস্ট শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় ঢাবি শিক্ষক ড. হারুন অর রশিদ ও আনোয়ার হোসেনকে ২৫ আগস্ট এবং পরবর্তীতে মোট ৮ দিন রিমান্ডে নেয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৪০০ঘ.ু ুুুুুুু
bdnews24