ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বামপন্থীদের নব গঠিত জোট গণতান্ত্রিক বাম মোর্চা বলেছে, রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত দেশে রাজনীতি চর্চার সাংবিধানিক অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
শনিবার গণতান্ত্রিক বাম মোর্চার প্রথম বৈঠকে এ মত প্রকাশ করা হয় বলে মোর্চার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোর্চাটি বলেছে, নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার নিয়ে নির্বাচন কমিশন যে মানদণ্ডের ভিত্তিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে তা নির্বাচন কমিশনের ঘোষিত উদ্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রচলিত নির্বাচন পদ্ধতির গণতান্ত্রিক সংস্কার করতে হলে দেশের সক্রিয় সব রাজনৈতিক দলের সঙ্গেই কমিশনকে আলোচনা করতে হবে।
রাজধানীর তোপখানা রোডে বাসদ কার্যালয়ে কমরেড টিপু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমরেড খালেকুজ্জামান, সাইফূল হক, জোনায়েদ সাকী, মুবিনুল হায়দার চৌধুরী, আবদুল্লাহ সরকার, বজলুর রশীদ ফিরোজ, খন্দকার আলী আব্বাস, আবুল হাসান রুবেল, প্রমুখ।
সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, বস্তি উচ্ছেদ, গার্মেন্টস-ইপিজেডের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, সার সংকটের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া খাদ্য ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমএসবি/জিএনএ
bdnews24