টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঘটনায় ভুয়াপুরের ইব্রাহিমবাদের স্টেশন মাস্টার ফজর আলী ও ট্রেন চালক আনোয়ার হোসেনকে শনিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার গাজীপুরের জয়দেবপুর থেকে রাজশাহীগামী ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি ইব্রাহিমবাদ স্টেশন ছাড়ার কিছু সময় পর লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) মো. আনোয়ারুল কবীর শনিবার বলেন, "সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রাথমিক তদন্তে স্টেশন মাস্টার ফজর আলী ও ট্রেনচালক আনোয়ার হোসেন দোষী প্রমাণিত হয়েছেন। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আনোয়ারুল কবীর জানান।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ইব্রাহিমবাদ স্টেশন ছেড়ে যমুনা সেতুর দিকে যাওয়ার সময় চর পাতালকান্দি এলাকায় ইঞ্জিন ও ইঞ্জিনের ঠিক পরের বগিটি লাইনচ্যুত হয়। রাতভর চেষ্টার পর ইঞ্জিন ও বগি উদ্ধার করা হলে শুক্রবার ভোর ৫টা থেকে ওই পথে ট্রেন চলাচল পুনরায় শুরু করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/আরএ/এমআই/১৬৫৩ ঘ.
bdnews24