ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ঢাকা-আগরতলা বাস চলাচল শনিবার থেকে আবার চালু হয়েছে।
বন্যায় ঢাকা-আগরতলা সড়কের ধরখার-সেনারবাদী অংশের কয়েক কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হলে আগস্ট মাসের প্রথম দিকে ঢাকা-আগরতলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ ক্ষতিগ্রস্ত সড়কের কিছু অংশ মেরামত করার পর শনিবার থেকে বাস চলাচল আবার শুরু হয়।
ঢাকা থেকে ছেড়ে আসা ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের 'মৈত্রী' নামের যাত্রীবাহী বাসটি দুপুর পৌনে একটার দিকে আখাউড়া চেক পোস্ট অতিক্রম করে।
ওই সময় বাসচালক জয়দেব নাথ সাংবাদিকদের বলেন, "এ পথে চলাচল এখনও ঝুঁকিপূর্ণ। ব্যাপক সংস্কার না হলে এ পথে চলাচল আবারও বন্ধ হয়ে যেতে পারে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24