২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে যশোরে বিক্ষোভ, সড়ক অবরোধ

সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকরা শনিবার ঢাকা-যশোর সড়ক অবরোধ করে। ফলে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকে। অবরোধকালে একটি গাড়ি ভাংচুরের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চোয়ামনকাঠি ইউনিয়নের কয়েকশ কৃষক সকালে সার নিতে যশোর-ঢাকা সড়কে চোয়ামনকাঠি বাজারে জড়ো হয়। স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, বাজারের দুই ডিলার পর্যাপ্ত সার সরবরাহ করতে না পারায় কৃষকরা বিক্ষোভ করতে থাকে এবং এক পর্যায়ে সড়ক অবরোধ করে।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 08:55 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

যশোর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকরা শনিবার ঢাকা-যশোর সড়ক অবরোধ করে। ফলে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকে। অবরোধকালে একটি গাড়ি ভাংচুরের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চোয়ামনকাঠি ইউনিয়নের কয়েকশ কৃষক সকালে সার নিতে যশোর-ঢাকা সড়কে চোয়ামনকাঠি বাজারে জড়ো হয়। স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, বাজারের দুই ডিলার পর্যাপ্ত সার সরবরাহ করতে না পারায় কৃষকরা বিক্ষোভ করতে থাকে এবং এক পর্যায়ে সড়ক অবরোধ করে। তিনি বলেন, "অবরোধের কারণে সড়কের উভয় পাশে গাড়িগুলো আটকা পড়ে যায়। তবে কিছু গাড়ি অনেক ঘুরে বিকল্প পথে ঢাকায় রওনা হয়।" কৃষক বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহানারা বেগম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন ঘটনাস্থলে যান। পরে তারা পর্যাপ্ত সারের ব্যবস্থা করার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়। ওসি এম এ মতিন ঘটনাস্থল থেকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১টার দিকে কৃষকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে অবরোধের সময় একটি প্রাইভেট কার ভাংচুরের অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। আটককৃত তিন জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫১ ঘ.