ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশপাশের নদীগুলোতে পানি বাড়তে থাকলেও দ্বিতীয় দফার বন্যা রাজধানী কবলিত হবে না বলে দাবি করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা জানিয়েছে, উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।
তবে দুর্গত এলাকায় পানি কমলেও খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। এদিকে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতিরও তেমন উন্নতি হয়নি।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঢাকার আশপাশের নদীগুলোর মধ্যে শীতলক্ষ্যা, কালিগঙ্গা ও ধলেশ্বরী বইছে বিপদ সীমার ওপর দিয়ে। তুরাগ, বুড়িগঙ্গা, বালু নদীর পানিও বাড়ছে।
ব্রহ্মপুত্র ও যমুনায় পানি কমতে শুরু করায় আগামী দু'একদিনের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে বলে পূর্বাভাস কেন্দ্র জানায়। রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নবাবগঞ্জ ও ঢাকার দোহার, মাদারিপুর, শেরপুর, গোলাপগঞ্জ ও চাঁদপুর জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলেও আশা করা হচ্ছে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই এ জেলাগুলোয়ও পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার সকাল ৬টায় ২৩টি পয়েন্টে ১৪টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছিল। এর মধ্যে ২৮টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে ৩০টি পয়েন্টে এবং দুইটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, দ্বিতীয় দফায় রাজধানীর বন্যার কবলে পড়ার কোনও আশঙ্কা নেই। সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির গতি মন্থর হলেও আগামী এক থেকে তিন দিনের মধ্যে এ অঞ্চলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বন্যা পূূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়, তারাঘাটে কালিগঙ্গা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলেশ্বরী নদীর পানি জাগীর ও রেকাবী বাজার পয়েন্টে যথাক্রমে ১১ ও ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৩ ও ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে নদনদীর পানি কিছুটা কমেছে। কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি যথাক্রমে ৫, ১ ও ৯ সেন্টিমিটার কমলেও তিনটি পয়েন্টেই পানি এখনো বিপদ সীমার ওপরে রয়েছে। অমলসীদ ও শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করলেও এখনো বিপদ সীমার ১৭৮ ও ১০৩ সেন্টিমিটার ওপরে রয়েছে।
তবে মেঘনা নদীর পানি ভৈরব বাজার পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
যমুনা নদীর পানি বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে কমতে শুরু করেছে। গোয়ালন্দ ও ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি ২ ও ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০৯ ও ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সাত্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের বরাক নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কাজলশাহ, বীরশ্রী, সুলতানপুর ও বারহাল ইউনিয়নের অবস্থা সবচেয়ে খারাপ।
কানাইঘাটের ইউএনও তোফায়েল ইসলাম জানান, বৃহস্পতিবার বৃষ্টি হওয়ায় বন্যা দুর্গত এলাকায় পানি আরো বেড়েছে। সুরমার পানি কমলেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৩ ইউনিয়নের পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। প্রায় ৪০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০০ কিলোমিটার রাস্তা।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশল বিভাগের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, গোলাপগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। বাদেপাশা, শরীফগঞ্জ, ভাদেশ্বর, বুধবারী বাজার ও বাঘা ইউনিয়নে ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। কুশিয়ারা নদীতে সুনামপুর-চন্দরপুর ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলার নিম্মাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বালাগঞ্জ ডিগ্রী কলেজসহ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বালাগঞ্জ সদর পানিতে নিমজ্জিত। সিলেটের সঙ্গে বালাগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনার পানি কমতে শুরু করলেও বানভাসিদের দুর্ভোগ কমেনি। ৯টি উপজেলার ৮২টি ইউনিয়নে বন্যা দুর্গত সোয়া দুই লাখ মানুষ রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির কষ্টে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর জানিয়েছে, আশ্রয়হীন ৭২ হাজার মানুষের জন্য তারা ১৬৭টি আশ্রয় কেন্দ্র খুলেছে। তবে দ্বিতীয় দফা বন্যায় বেসরকারি সংগঠনগুলোর ত্রাণ তৎপরতা কম।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্ত্তিক চন্দ্র হালদার বলেন, "দুএকটি এনজিও ছাড়া তেমন কেউ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে না।"
দ্বিতীয় দফা বন্যায় ২৪ হাজার ৫৯০ হেক্টর আবাদি জমি ও অন্তত ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা ত্রাণ দপ্তর জানিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজারের বেশি বাড়ি-ঘর ও ২৩০ কিলোমিটার রাস্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24