ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস নামের একজন আবাসন ব্যবসায়ী মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানান, মামলার এজাহারে মতিন বিশ্বাস উল্লেখ করেছেন ২০০৫ সালে বিআইডব্লিটিএ-এর ২ কোটি ৩০ লাখ টাকার একটি কাজের দরপত্রের কার্যাদেশ দেওয়ার বিনিময়ে সাইফুল ইসলাম তার কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন।
তিনি ১৪১/৪৩ মতিঝিল বাণিজ্যিক এলাকায় বিআইডব্লিউটিএর কার্যালয়ে গিয়ে ৪০ লাখ টাকা সাইফুল ইসলামের হাতে তুলে দেন বলে অভিযোগ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এমএসবি/০০৫১ ঘ.
bdnews24