ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়দেবপুর থেকে রাজশাহীগামী আন্তনগর ট্রেন সিল্কসিটির ইঞ্জিনসহ একটি বগি টাঙ্গাইলের ভুয়াপুরে লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আসাদ উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে সিল্কসিটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।"
তিনি আরো বলেন, "রাত ৭টা ৫০ মিনিটে একটি উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা হয়েছে। ট্রেনটির পৌঁছাতে তিন ঘণ্টার মতো লাগবে। আশা করি রাত ১২টার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে এবং রেল চলাচল স্বাভাবিক হয়ে আসবে।"
যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা মঞ্জুর মাহমুদ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধিকে জানান, সিল্কসিটি এক্সপ্রেস জয়দেপুর থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি ভুয়াপুর উপজেলার ইব্রাহিমবাদ স্টেশন ছেড়ে যমুনা সেতুর দিকে যাওয়ার সময় চর পাতালকান্দি এলাকায় ইঞ্জিন ও ইঞ্জিনের ঠিক পরের একটি বগি লাইনচ্যুত হয়। লাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকামুখি লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিম পাশেই থামিয়ে দেওয়া হয়।
একই কারণে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সদানন্দপুর স্টেশনে আটকা পড়ে আছে বলে জানান তিনি।
মোস্তফা মঞ্জুর মাহমুদ জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/কেআরসি/জেকে/২১০৬ ঘ.
bdnews24