ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে আবু নাসের (৩২) নামে এক গ্রীল ব্যবসায়ী খুন হয়েছেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৯টার দিকে পূর্ব জুরাইনের আয়নাল মিয়ার বাসার সামনে ৪/৫ জন সন্ত্রাসী আবু নাসেরকে গুলি করে হত্যা করে।
আবু নাসেরের খালাত ভাই আব্দুর রাজ্জাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের মেডিকেল প্রতিনিধিকে জানান, আবু নাসেরের জুরাইনের কমিশনার রোডে এটি গ্রীলের দোকান আছে। সকালে তিনি দোকানে আসার পর প্রয়োজনীয় কাজে তার ১০৬৫ নম্বর পূর্ব জুরাইনের বাসায় হেটে যাওয়ার সময় ৪/৫জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে এবং এলোপাতারি গুলি করে চলে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত বলে জানায়। নিহতের মাথায় বুকেসহ শরীরের বিভিন্ন অংশে মোট ১১টি গুলির চিহ্ন রয়েছে। বিবাহিত আবু নাসেরের কোনো সন্তান নেই।
আব্দুর রাজ্জাক জানান, তাকে কারা হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই হত্যার ঘটনার পর হত্যাকারীদের বের করতে পুলিশ অভিযানে নেমেছে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তাছাড়া আবু নাসেরের পক্ষে বিকাল পর্যন্ত কেউ মামলা করেননি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমএ/১৬০৫ঘ.
bdnews24