চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর তলদেশে গ্যাস পাইপ লাইনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের (বিজিএসএল) ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মহা-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব হোসেনের নেতৃত্বে এই কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে।
আতিকুর রহমান বলেন, "ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে পটিয়া ও বোয়ালখালী ছাড়া সব স্থানে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক বাখরাবাদের একজন কর্মকর্তা জানান, তীব্র স্রোতের কারণে নদীর মাঝে দুর্ঘটনাস্থলে ডুবুরী নামানো সম্ভব হয়নি। নৌবাহিনীর ডুবুরীরা এলেও অস্বাভাবিক স্রোতের কারণে নামতে পারেনি। লাইনটি মেরামতে কয়েকদিন সময় লেগে যাবে।
তিনি আরও বলেন, সারাদিন চেষ্টার পরও পটিয়া ও বোয়ালখালীর গ্যাস সরবরাহ চালু করা যায়নি। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে তাও করা হচ্ছে না। অন্য কোনো উপায়ে এ দুটি উপজেলায় গ্যাস সরবরাহ করা যায় কিনা তা দেখা হচ্ছে।
এদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী ডিকে পোদ্দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শিকলাবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। এদিকে, গ্যাসের সরবরাহ কম থাকায় রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। এটি বৃহস্পতিবার নাগাদ চালু হবার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কালুরঘাট রেল সেতুর আধ কিলোমিটার দূরে ইস্পাহানী জুট মিলের কাছে কর্ণফুলী নদীর তলদেশে বাখরাবাদের গ্যাস লাইনে আগুন ধরে যায়। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/
bdnews24