ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মৌসুমী বায়ু প্রবাহ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করায় আগামী দুই একদিন আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এর ফলে আগামী ৭২ ঘন্টা পর থেকে বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে শুরু করবে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো: আরিফুর রহমান বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের নদনদীর ৩৪টি পয়েন্টে পানি বেড়েছে, ২৪টি পয়েন্টে পানি কমেছে আর অপরিবর্তিত রয়েছে দুটি পয়েন্টের পানি। বিপদসীমার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে মোট ২৩টি পয়েন্টে ।
পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার প্রায় সব পয়েন্টে পানি বেড়েছে। মেঘনা অববাহিকার কিছু পয়েন্টে পানি বাড়লেও কমেছে অন্যান্য পয়েন্টে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অববাহিকায় সব পয়েন্টে পানি কমেছে।
গঙ্গার পানি বাড়ায় ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, শরীয়তপুর ও মাদারীপুর পয়েন্টে এবং ব্রহ্মপুত্র নদীর পানি সিরাজগঞ্জ, বাহাদুরাবাদ ও আরিচা পয়েন্টে বেড়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর এসব পয়েন্টের পানি আগামী দুই একদিন বেড়ে ৭২ ঘন্টা পর থেকে কমতে শুরু করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
মেঘনা অববাহিকার সিলেট পয়েন্টে পানির পরিমান অপরিবর্তিত রয়েছে। এছাড়া মেঘনা নদীর সুনামগঞ্জ ও কানাইঘাট পয়েন্টে পানি কমেছে এবং ভৈরববাজার পয়েন্টে পানি বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন ভৈরববাজার পয়েন্টের পানি বাড়বে বলেও জানিয়েছেন আরিফুল ইসলাম।
ঢাকার আশপাশের নদীগুলোর মধ্যে কেবল বুুড়িগঙ্গা নদীর পানি কমেছে। অন্যান্য নদীর পানি বাড়লেও আগামী দুই একদিনে তা বিপদসীমা অতিক্রম করার কোন সম্ভাবনা নেই।
এদিকে মৌসুমী বায়ু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করায় আসাম ও মেঘালয়েও খুব বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সীমান্তের ওপারে আসাম বা মেঘালয়ে ভারি বৃষ্টি হলে সে পানি স্বভাবতই ভাটিতে অবস্থিত বাংলাদেশে নেমে আসে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৪১৩ ঘ.
bdnews24