চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে চট্টগ্রামের প্রধান দুই রাজনৈতিক দল নেতৃত্বশূণ্য হয়ে পড়েছে। এ অঞ্চলে যেসব নেতাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি আবর্তিত হতো তাদের মধ্যে আওয়ামী লীগের ছয়জন এবং বিএনপির সাতজনই বর্তমানে রাজনীতির মাঠে অনুপস্থিত। এদের মধ্যে কেউ কারাগারে আবার কেউ আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে প্রথম সারির এসব নেতারা চট্টগ্রামে না থাকায় নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে হতাশা।
উভয় দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীর্ষ স্থানীয় প্রায় সব নেতার দীর্ঘ অনুপস্থিতির কারণে জেলা পর্যায়ে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে দিলে দলীয় কার্যক্রম শুরু করা নিয়ে বিপাকে পড়বে উভয় দলই। এই হতাশা কাটাতে দল দুটির দীর্ঘ সময় লাগবে বলে মনে করেন মাঝারি সারির নেতারা।
গত কয়েক বছর ধরে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি মূলত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে কেন্দ্র করে চলতো। দুর্নীতির দায়ে তিনি এবং সাবেক মন্ত্রী ও উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমানে কারাগারে আটক আছেন। প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ও দক্ষিণ জেলা সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু জরুরি অবস্থা জারির পরপরই বিদেশে পাড়ি জমান। এছাড়া, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ডা. আফসারুল আমীন ও খোরশেদ আলম সুজন গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন।
অন্যদিকে, বিএনপির প্রথম সারির নেতাদের মধ্যে সাতজনই বর্তমানে অনুপস্থিত রয়েছেন। মহানগর বিএনপি'র আহবায়ক সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম এবং এই কমিটির তিন সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী চিকিৎসার নামে বিদেশে অবস্থান করছেন।
চট্টগ্রামের প্রভাবশালী বিএনপি নেতাদের মধ্যে মহানগর কমিটির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক মহানগর সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে কারাগারে আটক আছেন।
এসব নেতাকে ঘিরে এ দুটি দলের চট্টগ্রাম মহানগর ও জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো। জরুরি অবস্থা জারির পর তাদের অনুপস্থিতির কারণে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য মাঝারি সারির নেতাকর্মীদের।
শীর্ষ নেতারা না থাকলেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যতটা সম্ভব দলের কাজ চালানো হবে বলে তারা জানান। এছাড়া বর্তমানে উপস্থিত নেতারা সামনে রমজান মাসে ইফতার পার্টির মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।
এদিকে, নেতাদের দীর্ঘ অনুপস্থিতিতে এখানকার অধিকাংশ নেতা-কর্মী দ্বিধান্বিতও হয়ে পড়েছেন। সংস্কার নিয়ে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতা সোচ্চার হলেও চট্টগ্রামে কেউই মুখ খুলছেন না। যেসব নেতাকে ঘিরে রাজনীতি আবর্তিত হতো তারা কোন পক্ষে অবস্থান না নেয়ায় মাঝারি সারির নেতা ও কর্মীরা কোন দিকে যাবে তা বুঝে উঠতে পারছে না। তবে সবাই দল দুটির দুই শীর্ষ নেত্রীর মুক্তি দাবি করেন।
ঘরোয়া রাজনীতির ওপর থেকে গত রোববার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় চট্টগ্রামের স্থানীয় নেতারা প্রথমদিকে আশায় বুক বাঁধলেও শর্তসাপেক্ষে তা শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য হবে শুনে হতাশা ব্যক্ত করেন। আওয়ামী লীগ ও বিএনপি নেতারা ঘরোয়া রাজনীতি প্রত্যাহারের সংবাদের পর কার্যক্রম শুরুর পরিকল্পনা করলেও পরে তা স্থগিত হয়ে যায়।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরো জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরী বটগাছের মতো ছিলেন। তাই তার অনুপস্থিতিতে কাজ চালানো অনেক কঠিন হবে। তবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। যারাই চট্টগ্রামে রয়েছেন তাদেরকেই সমন্বিতভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।"
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে দেয়া দরকার ছিল। নিষেধাজ্ঞা তুলে দিলে দলকে পুনরায় সংগঠিত করার একটা উদ্যোগ নেয়া যেতো।
এদিকে, দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি আহমদ খলিল খানও অচিরেই সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। সংস্কার প্রক্রিয়ার সঙ্গে একমত পোষণ করে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি গায়ের জোরে সম্ভব নয়। দলের গঠনতন্ত্র রয়েছে। সেই অনুযায়ী চেয়ারপারসনের উপস্থিতিতে কাউন্সিলেই এ সংস্কার হতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএল/এমএ/১৬২৫ঘ.
bdnews24