ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির আশংকায় সরকার কাউকেই বিএনপির অফিসে প্রবেশের অনুমতি দেয়নি। তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে কে মহাসচিব আর কে নয়।
আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনপি অফিসে কাউকে ঢুকে না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন।
ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সোমবার বিএনপির অফিসে দু'পক্ষের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি-- এর কারণ কি জানতে চাইলে উপদেষ্টা বলেন," সেখানে সংঘাতময় একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সরকার কাউকেই অনুমতি দেয়নি। তারাই আগে সিদ্ধান্ত নিক কে মহাসচিব আর কে নয়। তাদের সমস্যা রাজনৈতিক। সমাধান তাদেরকেই করতে হবে। এতে সরকার কোন হস্তক্ষেপ করবে না।"
ঘরোয়া রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঘরোয়া রাজনীতিসহ স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির বিষয়ে আন্তরিক। এ কারণে ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এর মাধ্যমে যারাা নিজেদের দলের মধ্যে সংস্কারের কথা বলছেন তারা তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এছাড়াও সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর আরো কিছু বিষয় ধীরে ধীরে শিথিল করার কথা ভাবছে।
তিনি বলেন, কোথাও নেতাকর্মীদের উপস্থিতি ৫০ এর বেশি হলে অনুমতি নিতে হবে। এতে সমস্যাা কোথায়। আমরা বলিনি যে কাউকেই অনুমতি দিব না। কিছু কিছু নিয়ন্ত্রণতো রাখতেই হবে। তা নাহলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/এমএ/১৫০৫ঘ.
bdnews24