২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক সংস্কারে দ্রুততা আনার উদ্যোগ

প্রশাসনিক সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য সরকার সময় বেঁধে দেয়ার চিন্তাভাবনা করছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য এই পদক্ষেপ নেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 08:21 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা,১১সেপ্টেম্বর,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- প্রশাসনিক সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য সরকার সময় বেঁধে দেয়ার চিন্তাভাবনা করছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য এই পদক্ষেপ নেয়া হবে। বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেয়া হবে। তবে কত দিন সময় দেয়া হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জনগণের কাছে দ্রুতসেবা পৌঁছে দেয়ার জন্য সরকার তৎপর। এজন্যই সংস্কারের কাজ শেষ করার জন্য সময় নির্ধারণের চিন্তাভাবনা চলছে"। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সংস্থাপন মন্ত্রণালয় ৩ সেপ্টেম্বর থেকে সিটিজেন চার্টার সেবা চালু করেছে। সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে সিটিজেন চার্টার বা নাগরিক সেবা সম্পর্কিত তালিকা টানিয়ে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সং্িশ্লষ্ট বিষয়ে সেবা দেয়ার বিষয়টি এই চার্টারের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়েও এ সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম শুরু হবে। একই কাজের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় ভূমি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এই ব্যবস্থার অধীনে জমির প্রকৃত মালিক অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রি করা দলিল হাতে পাবেন। দলিল জাল হওয়ার আশংকা রোধে সব ধরনের ব্যবস্থা এতে নেয়া হয়েছে। গৃহীত ব্যবস্থাগুলো কর্তৃপক্ষ এমুহূর্তে প্রকাশ করতে চাচ্ছেন না। এসংক্রান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই ভুূমি রেজিষ্ট্রেশনে আধুনিক ব্যবস্থা চালু করা হবে বলে জানা গেছে। সংস্কারের অ্ংশ হিসাবে পুলিশ প্রতিটি থানা এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে আইন শৃঙ্খলা রক্ষায় সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচেছ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, অন্যান্য মন্ত্রণালয়ও সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্ত কাজের গতি খুবই শ্লথ। তাদের কাজে গতি আনার জন্য প্রশাসনিক সংস্কার কাজে সহায়তা দিতে গঠিত সচিব কমিটি প্রতিটি মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক বৈঠক করবে। বৈঠকে তাদের কাজের ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো দেখে সে অনুযায়ী পরামর্শ দেয়া হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর এ দফায় প্রশাসনিক সংস্কারের কাজ হাতে নেয়। এর আগে প্রায় প্রতিটি সরকার প্রশাসনের সংস্কারের নামে কমিটি এবং কমিশন গঠন করেছে। কিন্ত সরকারগুলো কমিটি বা কমিশনের অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন করেনি। এবারের সংস্কারের সার্বিক বিষয় দেখভাল করছেন প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই কমিটির সদস্যরাা হলেন, অর্থ, শিক্ষা, শিল্প এবং স্বাস্থ্য উপদেষ্টা। সংস্কার সংক্রান্ত কাজে সহায়তা দেয়ার জন্য ছয় জন সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। এরা হলেন, মন্ত্রিপরিষদ বিভাগ সচিব,প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, সংস্থাপন সচিব, অর্থ সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এবং পরিকল্পনা সচিব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএ/১৪২০ঘ.