ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কৃষি উপদেষ্টা সিএস করিম ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করার দুই দিনের মধ্যে তাদের ঋণ দিতে হবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গাইবান্ধা ছড়াও রংপুর, ও কুড়িগ্রামে গিয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, কৃষি উপদেষ্টা সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলা হাসপাতাল চত্ত্বরে ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঋণের জন্য আবেদন করার দুই দিনের মধ্যে তাদের ঋণ দিতে হবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উপদেষ্টা বলেন, "বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। একে ঠেকানোর ক্ষমতা আমাদের নেই। তবে সাহসিকতা দিয়ে এই দুর্যোগ প্রতিরোধ করতে হবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় প্রথম দফা বন্যা মোকাবেলা করা সম্ভব হয়েছে। দ্বিতীয় দফা বন্যাও একইভাবে মোকাবেলা করা হবে।"
জেলা প্রশাসক কাজী মো. আনোয়ারুল হাকিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খলিলুর রহমান, সিভিল সার্জন ডা. শামছুল হক ও জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল মতিন।
গাইবান্ধা আসার আগে উপদেষ্টা কুড়িগ্রামে বিভিন্ন বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, উপদেষ্টা সিএস করিম সোমবার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি সদর উপজেলার মধ্যকুমারপুরের কয়েকটি বন্যা দুর্গত এলাকায় যান এবং ৩৫৭ জন দুর্গত মানুষের মাঝে ৪ লাখ ৭১ হাজার টাকা বিতরণ করেন।
রংপুর প্রতিনিধি জানান, সোমবার সকালে কৃষি উপদেষ্টা রংপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।
সভা শেষে তিনি গঙ্গাচড়া উপজেলার বন্যা উপদ্রুত নোহালী ইউনিয়নে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
রংপুর থেকে দুপুরে কুড়িগ্রাম যান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৪৭ ঘ.
bdnews24