২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে জামায়াত কর্মী হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে

পল্টনে ছয় জামায়াত-শিবির কর্মী হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ চতুর্থবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পল্টনে ছয় জামায়াত-শিবির কর্মী হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ চতুর্থবারের মতো পিছিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সোমবার প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আহসান কবীর ১৮ অক্টোবর সেটি দাখিলের নতুন তারিখ দেন। এর আগে চলতি বছরের ২৮ মে, ১ জুলাই ও ২ আগস্ট প্রতিবেদন দাখিলের তারিখ দিয়েছিল আদালত। গত বছরের ২৮ অক্টোবর পল্টনে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে হত্যার ঘটনায় পরদিন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নাসিম, আব্দুুল জলিলসহ ৪০ জনের নাম উল্লেখ করে ও সহস্রাধিক অজ্ঞাতনামাকে আসামি দেখিয়ে পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন জামায়াত নেতা এ টি এম সিরাজুল হক। মামলার এজাহারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নাম না থাকলেও চলতি বছরের ১০ এপ্রিল তাকেসহ ৪৬ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২২ এপ্রিল অভিযোগত্র গ্রহণ করেন মহানগর হাকিম মীর আলী রেজা। তিনি শেখ হাসিনা, মোহাম্মদ নাসিম ও মালেক রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। কিন্তু পরদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক এনামুল হক অতিরিক্ত অভিযোগপত্র দাখিল ও তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৯১৭ ঘ.