২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির দায়ে মির্জা আব্বাসের ছোট ভাইয়ের ৮ বছরের কারাদণ্ড

আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেয়া ও সম্পত্তি গোপনের অপরাধে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, আড়াই লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন এ রায় ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে মির্জা খোকন পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেয়া ও সম্পত্তি গোপনের অপরাধে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, আড়াই লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন এ রায় ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে মির্জা খোকন পলাতক রয়েছেন। বিচারক তার রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। সম্পত্তির তথ্য গোপনের অপরাধে আদালত ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৬ ধারায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, আড়াই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে ১৬৫ ধারায় বিচারক আসামিকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে । তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ার কারণে আসামীকে পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে। আসামিকে গ্রেপ্তার অথবা আত্মসর্মপণের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। গত ৩০ জুলাই কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারি কর কমিশনার মোছাম্মৎ রহিমা খাতুন বাদি হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি মেসার্স সাভা এন্টারপ্রাইজের পরিচালক। রুপালী ব্যাংক রাজারবাগ শাখায় তার নিজস্ব একাউন্টে ২০০৫-২০০৬ করবর্ষে ৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৬৩ টাকার লেন-দেন করেছেন। ২০০৫ সালের ৩০ জুন পর্যন্ত ওই একাউন্টে স্থিতির পরিমান ছিল ১২ লাখ ৯৬ হাজার ৮৬৩ টাকা। যা তার আয়কর বিবরণীতে গোপন করে প্রায় ২ লাখ ২৬ হাজার ২১৬ টাকার কর ফাঁকি দিয়েছেন। ১২ লাখ ৯৬ হাজার ৮৬৩ টাকা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সংসদ ভবনের বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠানোর পর গত ২৩ আগস্ট মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২৮ আগস্ট। সাক্ষ্য শেষ হয় ২৯ আগস্ট । ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুকিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় দেওয়ার দিন ধার্য করেন। এর আগে একই অপরাধে আলাদা দুটি মামলায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে ১৬ বছরের কারাদণ্ড দেয় আদালত। একই আদালতে কর ফাঁকির অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআইএম/আরএ/এমএ/১৭১২ঘ.