নওগাঁ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন নওগাঁর বিএনপি সমর্থক আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখা এ কর্মসূচির ডাক দেয়। খালেদা জিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে কালোব্যাজও ধারণ করেন আইনজীবীরা।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হন আইনজীবীরা। ওই সময় সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এ জেড এম রফিকুল আলম খালেদা জিয়াসহ আটক সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন।
কর্মসূচি চলাকালে বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে রফিকুল আলম ও অ্যাডভোকেট তাজুল ইসলামের টেলিফোনে কথা হয়।
খোন্দকার দেলোয়ার দেশের বর্তমান পরিস্থিতিতে আইনজীবীদের সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বলে রফিকুল আলম সাংবাদিকদের জানান।
অ্যাডভোকেট রফিকুল আরও বলেন, "নতুন মহাসচিব বলেছেন, আব্দুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কারের মধ্য দিয়ে বেগম জিয়া দলকে দুর্নীতিবাজ, ধান্ধাবাজ ও জঞ্জালমুক্ত করেছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০৫ ঘ.
bdnews24