কক্সবাজার, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে কক্সবাজারের ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা।
উদ্ধার হওয়া দুজন হলেন, ঢাকার যাত্রাবাড়ির মামুন (৩০) ও ফেনীর রামপুর এলাকার ফিলিপ (২৬)। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইয়াসির লাইফ গার্ডের টিম প্রধান কামাল উদ্দিন জানান, ঢাকা ও ফেনী থেকে আসা পর্যটকদের দুটি দল রোববার দুপুরের পর সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় গোসল করতে নামে। বেলা সাড়ে ৩টার দিকে মামুন সমুদ্রে ভেসে যান। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।
তিনি জানান, এর কিছুক্ষণ পর ফেনীর পশ্চিম মধু গ্রামের ফিলিপ ভেসে যান। বিকেল ৫ টার দিকে তাকেও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
কক্সবাজার সৈকত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুজনকে উদ্ধারের পর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২০৫ ঘ.
bdnews24