যশোর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
সম্পদের তথ্য গোপন এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগ এনে রোববার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন কমিশনের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মঞ্জুর মোর্শেদ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন জানিয়েছেন, তরিকুল পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নথিভুক্ত হয়েছে।
মামলায় আসামিরা হলেন, তরিকুল ইসলাম, তার স্ত্রী নার্গিস ইসলাম, বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত ও তার স্ত্রী লামিয়া ইসলাম এবং ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত।
এজাহারে অভিযোগ করা হয়, দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত ২০ মার্চ তরিকুল পরিবার কমিশনে ১০ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ৩৩৪ টাকার হিসাব বিবরণী জমা দেন। কিন্তু দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ধরা পড়ে, এর বাইরেও তাদের দুই কোটি ৭৬ লাখ ৮৭ হাজার ১৩৮ টাকার সম্পদ রয়েছে। এছাড়া জমা দেওয়া হিসাবের ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার টাকা তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এ নিয়ে তরিকুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা হলো। ত্রাণের টিন আত্মসাত ও জমি দখলের অভিযোগে এর আগে তার বিরুদ্ধে দুটি মামলা হয়।
চলতি বছরের ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকেই বিএনপির এ নেতা কারাগারে রয়েছেন। জমি দখলের মামলায় তার ছেলেরা জামিনে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২০ ঘ.
bdnews24