ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। একইসঙ্গে সম্ভব হলে নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমার আগে নির্বাচন করারও অঙ্গীকার করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।
দীর্ঘমেয়াদে দেশে গণতান্ত্রিক ধারা মজবুত ও বিকশিত করাই বর্তমান সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ঘোষিত সময়সীমা অর্থাৎ ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আমরা বদ্ধপরিকর।"
তিনি বলেন, "ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে। যদি সম্ভব হয়, তাহলে ২০০৮ এর ডিসেম্বরের আগেই আমরা নির্বাচনের আয়োজন করবো।"
বর্তমান সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানান প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, "আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার আগামীকাল (সোমবার) থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধি-নিষেধ তুলে নেবে। আমাদের প্রতিশ্র"তি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচনী আইন ও বিধি-বিধানে সংস্কার আনা হবে।"
ভাষণে প্রধান উপদেষ্টা জানান, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের ফলে অসাধু ব্যক্তিদের কাছ থেকে এ পর্যন্ত ৮২০ কোটি টাকা ফেরত পাওয়া গেছে।
দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করলেও তিনি বলেন, "তবে দুর্নীতিবিরোধী জাতীয় টাস্কফোর্স এ মাসের পর দুর্নীতিবাজদের আর কোনো নতুন তালিকা প্রকাশ করবে না। অবশ্য সরকারের অন্যান্য সংস্থা আইন ও বিধি মোতাবেক তাদের দুর্নীতিবিরোধী তৎপরতা অব্যাহত রাখবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সা
bdnews24