রাজশাহী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে জরুরি বিধিমালায় দায়ের করা প্রথম মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। রাজশাহী মহানগর হাকিম রবিউল আলম রোববার দুপুরে মামলা খারিজের এ আদেশ দেন। তবে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে আরও একটি মামলা থাকায় এখনই তারা মুক্তি পাচ্ছেন না।
রায় দেওয়ার সময় রাবির সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ও ফলিত পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুস সোবহান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় কুমার ভৌমিক আদালতে উপস্থিত ছিলেন।
মহানগর আদালত পরিদর্শক মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী জানান, ওই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। সাইদুর রহমান খান ও অধ্যাপক আব্দুস সোবহানকে ২৩ আগস্ট রাতে এবং অধ্যাপক মলয় কুমার ভৌমিককে পরদিন আটক করা হয়।
পরে মতিহার থানার উপপরিদর্শক ফারুক হোসেন জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ আগস্ট তাদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চাওয়া হলে বিচারক রবিউল আলম তা মঞ্জুর করেন।
এদিকে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় উপ-পরিদর্শক ফারুক হোসেনের দায়ের করা অপর মামলায় গত ১ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন ওই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নাসির উদ্দিন। তাতে এই তিন শিক্ষকের পাশাপাশি গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুনকেও অভিযুক্ত করা হয়।
২২ আগস্ট সংঘর্ষ চলাকালে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে অন্য একটি মামলায় বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/এমআই/১৫২৩ ঘ.
bdnews24