যশোর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন এক মহিলা গ্রাম পুলিশ। শনিবার ঝিকরগাছা থানায় ওই মামলাটি রেকর্ড হয়েছে।
থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার বাকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে শুক্রবার ওই এলাকার এক মহিলা গ্রাম পুলিশ একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।"
অভিযোগে বলা হয়, মতিয়ার রহমান তাকে বেশ কিছুদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ২৮ আগস্ট ইউনিয়ন পরিষদ কক্ষে তাকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা শওকত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর ৪।
জামাতের যশোর জেলা সেক্রেটারি মাস্টার নুরুন্নবী জানান, মতিয়ার রহমান বাকড়া ইউনিয়ন জামাতের কার্যকরী পরিষদের সদস্য এবং মনিরামপুর চাকলা মাদ্রাসার উপাধ্যক্ষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24