ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালি থানা পুলিশের একটি দল পুরান ঢাকার আগা সাদেক লেনে বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। মামলাটি দায়ের করেন তার সাবেক স্ত্রী রাদিয়া হোসেন রুনি। একই রাতে অপর একটি প্রতারণার মামলায় রুনিকেও গ্রেপ্তার করেছে রমনা থানার পুলিশ।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক ফখরুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল কোর্ট-৪ থেকে আসা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী বৃহস্পতিবার রাত দুইটার দিকে ৯৯ আগা সাদেক রোড থেকে অপিকে আটক করা হয়। (আরও তথ্যসহ-২)
অপির পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক স্ত্রী রাদিয়া হোসেন রুনির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক কল্পনা রানী দত্ত জানান, অপির সাবেক স্ত্রী রাদিয়া হোসেন রুনিকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কোতয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আহসানুর রহমান আরজু নামে এক ব্যক্তি বাদি হয়ে বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে রুনির বিরুদ্ধে সোয়া চার লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ান ডে সেঞ্চুরির অধিকারী অপি এবং তার সাবেক স্ত্রীকে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার শফিকুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌনে সাতটার দিকে অপি ও তার সাবেক স্ত্রীকে জেল গেটে গ্রহণ করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24