ঢাকা, ০৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অসুস্থ স্ত্রী ফিরোজা হোসেনকে নিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ফিরোজা হোসেনের অসুস্থতার কারণে গত রোববার আমু সিঙ্গাপুর যাত্রা স্থগিত করেন। বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হংকং থেকে ঢাকায় এসে পৌঁছায়।
ফিরোজা হোসেন রোববার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরেই দুরারোগ্য 'কার্সিনোমা ব্রেস্ট' রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এ কারণে প্রায় এক বছরের বেশী সময় ধরে আমু সস্ত্রীক সেখানেই অবস্থান করছিলেন। এর মধ্যেই তিনি মাঝে মধ্যে দেশে আসতেন। গত ২৮ আগস্ট রাতে স্ত্রীকে নিয়ে আমু দেশে ফেরেন।
পরের দিনই তিনি সাংবাদিকদের জানান, তিনি মূলত চিকিৎসকদের উপদেশেই তার স্ত্রীকে নিয়ে দেশে এসেছেন। চিকিৎসকরা চাচ্ছিলেন তিনি যেনো তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যান।
দেশে ফেরার পর আমু নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা, শেখ হাসিনাকে ছাড়াই দলের কাউন্সিল অনুষ্ঠান ও নির্বাচনে যাওয়ার বিষয়ে গত বুধবার থেকে যে বক্তব্য দিয়ে আসছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করে গত শনিবার বিকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বক্তব্য রাখেন। এ ব্যাপারে আমুর প্রতিক্রিয়া জানতে গত রোববার সকালে সংবাদকর্মীরা তার ইস্কাটনের বাসায় গিয়ে জানতে পারেন ফিরোজা হোসেনের অসুস্থতার খবর। এরপর, আমু আর সাংবাদিকদের মুখোমুখি হননি বা জিল্লুর রহমানের বক্তব্যের কোনো জবাবও দেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমএ/১৩৫০ঘ.
bdnews24