সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃত রাজনীতিবিদদের পরিবারের সদস্যদের জামিন দেওয়ার বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, "এ সংক্রান্ত একটি আইনের প্রস্তাব বর্তমানে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য রয়েছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
এ ছাড়া জরুরি ক্ষমতা বিধিমালায়ও বেশ কিছু সংশোধন আনা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
দুর্নীতিবাজদের আর কোন তালিকা প্রকাশ করা হবে না জানিয়ে উপদেষ্টা মইনুল বলেন, "এ পর্যন্ত প্রকাশিত ২৩০ জনকে নিয়েই কাজ করা হবে। এর বাইরে যারা আছেন তাদের বিষয়টি প্রচলিত আইনে দেখা হবে।"
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়টি দেখবে।
জরুরি অবস্থার মধ্যে বিএনপির সংস্কারপন্থীদের নিয়ে বুধবার মান্নান ভূঁইয়ার বৈঠক প্রসঙ্গে প্েরশ্নর জবাবে মইনুল বলেন, এ বিষয়টা আমি জানিনা। এটা স্বরাষ্ট মন্ত্রণালয়ের বিষয় তারা দেখবে।
বুধবার অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের নির্ভয়ে কাজ করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তাদের হয়রানি করা হবেনা।
উপদেষ্টা বলেন, সবকিছুতেই কিছু কিছু পরিবর্তন আসছে। অর্থনৈতিক কর্মকান্ডকে সচল করার জন্য ভয়ভীতি দূর করে কাজ করার জন্য তাদের বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১২৫৫ঘ.
bdnews24