ঢাকা,সেপ্টেম্বর ০৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেমস এফ মরিয়ার্টি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে মনোনীত করেছেন। বুধবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেমস এফ মরিয়ার্টি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অধিবাসী। সর্বশেষ তিনি নেপালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। মরিয়ার্টি এর আগে প্রেসিডেন্টের বিশেষ সহকারি এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক হিসেবে কাজ করেন। পেশাদার জীবনের শুরুর দিকে তিনি বেইজিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক শাখার কাউন্সিলরের দায়িত্ব পালন করেন।
জেমস মরিয়ার্টি ডার্টমাউথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন।
প্রসঙ্গত, প্যাট্রিসিয়া এ বিউটেনিসের স্থলাভিষিক্ত হচ্ছেন জেমস মরিয়ার্টি । বিউটেনিস ইরাকে নতুন দায়িত্ব নিয়ে জুন মাসে বাংলাদেশ ত্যাগ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২২০৬ ঘ.
bdnews24