ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক দু প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা সংসদ ভবন এলাকায় অবস্থিত বিশেষ কারাগারে ভালই আছেন।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামছুল হায়দার সিদ্দিকী মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "সাবেক দুপ্রধানমন্ত্রী বেশ ভালই আছেন। তারা কোনো অসুবিধার কথা জানাননি। বিশেষ করে মঙ্গলবার খালেদা জিয়ার কাছে সংশ্লিষ্ট ডাক্তার তার শারিরীক কোনো অসুবিধা আছে কিনা জানতে চেয়েছিলেন। তিনি অসুবিধা নেই বলে জানিয়েছেন।"
শেখ হাসিনার জন্য যে মহিলা ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছিল তিনিই একই সঙ্গে দুজনের ব্যাপারে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কারা উপ-মহাপরিদর্শক।
গ্রেপ্তারের পরের দিন মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শরমিলা রহমান এবং ১০জন আইনজীবী কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এছাড়াও জেলগেটে এসেছিলেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। কিন্তু কাউকেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
মেজর সিদ্দিকী জানিয়েছেন, দেখা করার আবেদনগুলো পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট আসার পর সে অনুযায়ী দেখা করার ব্যবস্থা নেওয়া হবে। একসঙ্গে পাঁচজন আত্মীয় এবং একসঙ্গে দুজন আইনজীবী দেখা করার সুযোগ পাবেন।
বিশেষ কারাগারের সামনে দুপুরে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা জানান, আইনি লড়াই শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে খালেদা জিয়ার অনুমতি প্রয়োজন। তাই তারা ৩ জন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ১০জনের একটি তালিকা কারাকর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।
তিনি জানান, বুধবার খালেদা জিয়ার সই নিয়ে তালিকা ফেরত দেয়া হতে পারে। তারপর আইনজীবীরা আনুষ্ঠানিক ভাবে তার মুক্তির জন্য আইনি লড়াই শুরু করবেন। সিনিয়র এডভোকেট টি এইচ খানের নেতৃত্বে এ ব্যাপারে এখনই প্রস্তুতি চলছে।
এদিকে খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনের জন্য মঙ্গলবারও একই রান্না হয়েছে। দুপুরে খাবারের তালিকায় ছিল ভাতের সঙ্গে মুরগির মাংস, সবজি এবং ডাল। এছাড়া এর আগে শেখ হাসিনাকে টেলিভিশন, সংবাদপত্রসহ যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে খালেদা জিয়াকেও সে সবই দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কারা উপ-মহাপরিদর্শক।
খালেদা জিয়াকে ৩ সেপ্টেম্বর এবং শেখ হাসিনাকে ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। তারা এখন সংসদ ভবন এলাকার দুটি আলাদা বাড়িতে স্থাপিত বিশেষ কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/২১২১ ঘ.
bdnews24