বাগেরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দৈনিক খবরপত্র ও সংবাদ সংস্থা আবাসের জেলা প্রতিনিধি মোল্লা আব্দুর রবকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
দুপুরে সাংবাদিক রবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান।
সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের শেখ মুজিবর রহমানের দায়ের করা মামলায় পুলিশ সোমবার সকালে সাংবাদিক রবকে শহরের রেলরোডে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
মামলায় সাংবাদিক রব, তার ভাই মোল্লা আব্দুল হক ও তাদের সহযোগী শেখ লিয়াকত আলীর বিরুদ্ধে বাদিকে প্রাণনাশের হুমকি দিয়ে ২৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়।
দুই দফায় বাদি ১০ হাজার টাকা আসামিদের দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার অপর দুই আসামি পলাতক রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩২ ঘ.
bdnews24