খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির দুর্গম দিঘীনালায় মঙ্গলবার বিকালে একটি জমি নিয়ে বিরোধে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, একটি বৌদ্ধ বিহারের জমি দখল করা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সুপার লুৎফুল কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে দীঘিনালা উপজেলার বাবু ছড়া এলাকায় সাধনাটিলা বনবিহারের জমি দখলের জন্য বাঙালিরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়। পাহাড়িরাও পাল্টা জমায়েত হয়। এক পর্যায়ে বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
তিনি বলেন, "পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষ যেন ছড়িয়ে না পড়ে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির নেতা সুধাসিন্ধু খীসা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিন ধরেই দীঘিনালায় বাঙালিরা পাহাড়িদের জমি দখল করার চেষ্টা করছিলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/ বিআর/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24