ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদকে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
বিকেল ৪টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুই শিক্ষককে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর আবেদন করেন।
মহানগর হাকিম মো. হাসান সারওয়ার ওই আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আদালতে অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশিদের আইনজীবীরা দু'জনের জামিন চাইলেও জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় তাদের বিরুদ্ধে মামলা থাকায় বিচারক তা মঞ্জুর করেননি। অবশ্য কারাগারে তাদের সুচিকিৎসা ও প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
দুই শিক্ষকের রিমান্ডফেরত প্রতিবেদনে বলা হয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে।
দুই শিক্ষকের পক্ষে শুনানি করেন, আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন, আবুল কালাম আজাদ, ফিরোজুর রহমান মন্টু প্রমুখ। অধ্যাপক আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আনোয়ার ও অধ্যাপক হারুন অর রশিদের স্ত্রী নারগিস আক্তার, ছেলে ইশতিয়াক রশীদ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
আয়েশা আনোয়ার পরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "আদালতে স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, শেষের চারদিন অনেক ভাল ছিলেন। এর আগে আদালতে গণমাধ্যমের সামনে যে বক্তব্য দিয়েছেন তার উদ্দেশ্য ছিল সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব ঘোচানো।"
অধ্যাপক হারুন অর রশীদের ছেলে ইশতিয়াক রশীদও আদালতে বাবার সঙ্গে কথা বলেন। তিনি জানান, "বাবা গত চারদিন অনেক ভাল ছিলেন। তারা প্রোপার কেয়ার পেয়েছেন। তাদের হেলথ চেকাপ হচ্ছে। তবে এর আগের দিনগুলোতে তিনি খুব খারাপ ছিলেন।"
অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশিদকে গত ২৩ আগস্ট গভীর রাতে বিশ্ববিদ্যালয় চত্বরের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর ২৫ আগস্ট শনিবার তাদের মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করার পর শাহবাগ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এই রিমান্ড শেষে ৩০ আগস্ট আদালতে হাজির করার পর শাহবাগ থানায় দায়ের করা আরেকটি মামলায় আদালত তাদের চারদিনের রিমান্ডের আদেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এসএনডি/এসি/১৮৫০ ঘ.
bdnews24