বরিশাল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর গ্রামে সোমবার প্রতিবেশীর ঘুষিতে ইউসুফ আলী ব্যাপারী (৬১) নামে এক ব্যক্তি মারা গেছেন।
নামাজের সময়সূচি নিয়ে ফতোয়াকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে প্রতিবেশী রশিদ হাওলাদার ইউসুফ আলীর ওপর হামলা চালায় বলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামের জামে মসজিদে সোমবার দুপুরে নামাজের সময় সূচি নিয়ে মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটি বাধে। ওই সময় ফতোয়া দেওয়ার জের ধরে নামাজ শেষে ইউসুফ আলীর সঙ্গে তার প্রতিবেশী রশিদ হাওলাদারের হাতাহাতি হয়। এক পর্যায়ে ইউসুফ আলীর বুকে ঘুষি মারে রশিদ।"
এতে অজ্ঞান হয়ে পড়লে গ্রামবাসী সঙ্গে সঙ্গে ইউসুফ আলীকে হরিনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় বলে মতিয়ার রহমান জানান। পরে রাত পৌনে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় রাতেই হিজলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। এটাকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৫৭ ঘ.
bdnews24