ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর হাজারীবাগে সোমবার সাদিয়া আক্তার তসলিমা নামের তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তসলিমার সৎ মা শাহীনূর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক লিয়াকত আলী বলেন, "সকাল ১১টার দিকে তসলিমাকে খুন করা হয়। তসলিমার সৎ মা শাহীনূর নিজে অথবা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ কাজ করে থাকতে পারেন বলে ধারণা করছি আমরা।"
তিনি বলেন, "ঘটনার সময় বাসায় শাহীনূর ও তসলিমা ছাড়া আর কেউ ছিলেন না। জিজ্ঞাসাবাদে শাহীনূর দাবি করেছেন, সকাল ১১টার দিকে দুই যুবক বাসার কলিংবেল বাজালে তিনি দরজা খুলে দেন। তারা বাসায় ঢুকেই তসলিমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে তারা বাসার জিনিসপত্রও লুট করে বলে দাবি করেন তিনি।"
তবে পুলিশ বাসায় গিয়ে লুটপাট বা ডাকাতির কোনও চিহ্ন পায়নি বলে লিয়াকত আলী জানান। এ ব্যাপারে একটি মামলা করা হবে বলেও জানান লিয়াকত আলী।
এদিকে নিহত তসলিমার বাবা আব্দুল করিমও এ খুনের জন্য তার দ্বিতীয় স্ত্রীকে দায়ী করেছেন।
তিনি জানান, আড়াই বছর আগে প্রথম স্ত্রী ক্যান্সারে মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। শাহীনূর শুরু থেকেই তসলিমাকে সহ্য করতে পারতেন না। রোববার রাতেও তসলিমাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে জানান আব্দুল করিম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/জেকে/২১৫৮ ঘ.
bdnews24