নরসিংদী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরের শাসনকালে যে লুটপাট হয়েছে, তার দায় খালেদা জিয়াকে নিতে হবে। খালেদা জিয়া গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এ কথা বললেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী।
রোববার শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওই সময় দুই প্রধান দলের নেত্রীর বিরুদ্ধেই মামলার বিষয়ে প্রশ্ন করা হলে সাজেদা বলেন, "ভবিষ্যতই বলে দেবে কে দোষী, আর কে নির্দোষ।"
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, "আজ (সোমবার) প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার ছেলে গ্রেপ্তার হয়েছে। কী কারণে গ্রেপ্তার হয়েছে, তা দেশবাসী ভালোভাবেই জানে। বিগত ৫ বছরে যে লুটপাট হয়েছে, এর দায়ভার তাদের নিতে হবে।"
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগের এ নেত্রী বলেন, "বর্তমান সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের ও পুরনো মামলা পুনরুজ্জীবিত করেছে। দেশে আইনের শাসন থাকলে এবং ন্যায় বিচার নিশ্চিত হলে আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।"
স্বাধীনতা বিরোধীদের বিচার প্রসঙ্গে সেনাপ্রধানের উদ্দেশে সাজেদা চৌধুরী বলেন, "জেনারেল মইন উ আহমেদ বলেছিলেন, '৭১ এর স্বাধীনতা বিরোধীদের বিচার করা হবে। সে কথা ঠিক রাখার জন্য তার প্রতি আহবান জানাই।"
ওই সময় সাজেদা চৌধুরীর সঙ্গে ছিলেন সাবেক সাংসদ মেহের আফরোজ চুমকি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়াসহ দলের নেতা-কর্মীরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24