পঞ্চগড়, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালীগঞ্জে একটি পরিবারের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দেবীগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনিক কারণেই তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সার্কেল এমদাদুল হক জানান, ওই ঘটনার তদন্তে পুলিশের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। তবে পুলিশের একটি সূত্র জানায়, কালীগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার কারণেই ওই দুজনকে বদলি করা হয়।
অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামকে আটোয়ারী থানায় এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনকে তেঁতুলিয়া থানায় বদলি করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকার আবুল হোসেন ২৯ আগস্ট অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় দেবীগঞ্জ শহরের পরিমল সরকার দলবল নিয়ে গত ২৭ আগস্ট তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। ওই সময় পুলিশ উপস্থিত থেকেও কোনও ব্যবস্থা নেয়নি। এ নিয়ে আবুল হোসেন স্বরাষ্ট্র সচিব, পুলিশ প্রধানের দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানায়।
এর পর ৩০ আগস্ট পুলিশ ওই হামলায় জড়িত থাকার অভিযোগে মমিনুল, মাহফুজ ও মুকছেদ নামে তিন জনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৯ ঘ.
bdnews24