ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে কর্মচারিদেরকে পুলিশ বের করে দিয়েছে। এর প্রধান ফটকে এখন তালা ঝুলছে।
সোমবার সকাল ১১টায় মতিঝিল থানা পুলিশের একজন কর্মকর্তা বিএনপি কার্যালয়ে গিয়ে কর্মচারিদেরকে চলে যেতে বললে তারা সেখান থেকে বেরিয়ে যান।
অফিস সহকারী দলিল উদ্দিন জানান, পুলিশ তাদের দুই দিন অফিসের বাইরে থাকতে বলেছে। এর কারণ হিসেবে পুলিশ 'অসুবিধা আছে' বলে জানায়।
বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে অফিস সহকারী দলিল উদ্দিন, আবদুস সোবহান, শামীম, রুস্তম আলীসহ কয়েকজন থাকেন। জরুরি অবস্থা জারির পর কার্যালয়টি তালাবন্ধ অবস্থায় থাকলেও ভেতরে ওই কর্মচারিরা থাকতেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কর্মচারিদের বের করে দেওয়ার খবর নিশ্চিত করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কী কারণে তাদের বের করে দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/১৩৪০ ঘ.
bdnews24