ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপিকে ভাঙার এবং তাকে ও তার পরিবারকে ধ্বংস করার জন্যই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, "আপনারা আমার জন্য দোয়া করবেন। অতীতে আপনাদের জন্য যেমন কাজ করেছি ভবিষ্যতেও যেন কাজ করতে পারি সে দোয়া চাই।"
সোমবার গ্রেপ্তার হওয়ার পর আদালতকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
দুর্নীতির অভিযোগে রোববার রাতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোমবার সকালে গ্রেপ্তারের পর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ খালেদাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে এবং কোকোকে সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। এ সময় কাঠগড়ায় কোকোকে আলিঙ্গন করে তাকে ধৈর্য ধরতে বলেন খালেদা। আরও তথ্যসহ জানাচ্ছেন সুমন মাহমুদ, লিটন হায়দার, প্রকাশ বিশ্বাস ও আবু নোমান সজীব।
সকাল ৯ টা ২০ থেকে প্রায় বিশ মিনিট কাঠগড়ার পাশে দাঁড়িয়ে খালেদা জিয়া তার বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, "আমাকে দেশত্যাগ করতে বলা হয়েছিল, আমি যাইনি। কারণ আমি এ দেশকে ভালোবাসি। আমি যদি যেতাম তাহলে আজকে আমার বিরুদ্ধে এসব মামলা হতো না।"
তিনি তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক অভিহিত করে বলেন, "আমি মুক্তিযুদ্ধের ঘোষকের স্ত্রী। জিয়া দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন। বাংলাদেশে যতো উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, সবখানে তার ছোঁয়া রয়েছে। জিয়া পরিবারের কোনো লোভ নেই। আমারও কোনো অর্থের প্রয়োজন নেই। আমার ছেলেদেরও টাকার প্রতি কোনো মোহ নেই। আমরা এ দেশকে ভালোবাসি।"
এর আগে সকাল ৯টার কয়েক মিনিট আগে শুনানি শুরু হলে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ ম্যাজিস্ট্রেটের সামনে নথি উপস্থাপন করেন। মামলার এজাহার, খালেদা জিয়ার গ্রেপ্তার প্রতিবেদন, আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে চাওয়া ১০ দিন রিমান্ড প্রতিবেদন পড়ে শোনান পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন মকবুল আহমেদ।
আদালতে দুই অভিযুক্তের জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভূইঞা, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাহউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, লুৎফে আলম, খোরশেদ আলম প্রমুখ।
তারা বলেন, কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার নির্মাণ ও চট্টগ্রাম বন্দর, আইসিডি কনটেইনার হ্যান্ডেলিং চুক্তিটি একবার বাতিল হলেও পরে আবার সেটি মন্ত্রিসভা অনুমোদন করেছিল। তাই বৈধ প্রক্রিয়াতেই এ চুক্তি করা হয়েছে।
মামলায় জরুরি ক্ষমতা বিধিমালা নেওয়ার বিরোধিতা করে তারা বলেন, মামলাটি দায়েরের পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা করা হয়নি বলে মামলাটিতে জামিন চাওয়া যাবে।
মামলার এজাহার ও রিমান্ড আবেদনের বক্তব্য মিথ্যা ও মানহানিকর দাবি করে আইনজীবীরা বলেন, "দীর্ঘ আট মাস পর অযৌক্তিক অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের নাম, ঠিকানা এমনকি বাবার নামও ঠিকমতো লেখা হয়নি।"
শুনানির সময় দুদকের মামলায় বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার সময় আইনজীবীরা বেশ কয়েকবার শেইম-শেইম বলে চিৎকার ও হৈ চৈ করেন।
শুনানির এক পর্যায়ে খালেদার আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এজলাসে ঢোকার সময় পুলিশের বাধা পান।
খালেদা জিয়াকে আদালতে আনার আগে মুখ্য মহানগর হাকিমের এজলাস থেকে সাংবাদিকদের পুলিশ বের করে দেয়। পরে অবশ্য তারা আবার সেখানে ঢুকে পড়েন।
আইনজীবীদের শুনানির পর খালেদা কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "আমাকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলা।"
আদালতকে তিনি বলেন, "আজ কেবল আমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি ভাঙার ষড়যন্ত্র চলছে।"
খালেদা জিয়া চ্যালেঞ্জ করে বলেন, "বিএনপি এ দেশের মানুষের দল, এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপিই জিতবে।"
তিনি আদালতের কাছে তার এবং ছেলের সুবিচার চেয়ে বলেছেন, "মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে এই আদালত। আমি ও আমার ছেলে আদালতের কাছে সুবিচার চাই। কেবল আমি নই, কোনো মানুষ যাতে এভাবে হয়রানির শিকার না হয় তা আপনি দেখবেন। কারণ অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে এখন হয়রানি করা হচ্ছে।"
এর পর আদালতে তার জামিন আবেদন না মঞ্জুর এবং কোকোকে সাত দিনের রিমান্ডের আদেশ দিলে খালেদা জিয়া কোকোকে আলিঙ্গন করে বলেন "ধৈর্য ধরো।" পরে কোকো এজলাসে দাঁড়িয়েই মোবাইল ফোনে একজনের সঙ্গে কথা বলেন।
আগামী ৩ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/এসএইচ/এমএ/১৫৩৫ ঘ.
bdnews24