২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু ও তার স্ত্রী শামীমা আক্তারসহ চারজনের বিরুদ্ধে রোববার ঢাকায় একটি মামলা হয়েছে। মোহাম্মদপুর থানা এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টেকনোপোল কনস্ট্রাকশন কোম্পানির মালিক মো. মজিবর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুপুরে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু ও তার স্ত্রী শামীমা আক্তারসহ চারজনের বিরুদ্ধে রোববার ঢাকায় একটি মামলা হয়েছে। মোহাম্মদপুর থানা এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টেকনোপোল কনস্ট্রাকশন কোম্পানির মালিক মো. মজিবর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুপুরে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে মহানগর হাকিম এ জে এম আব্দুল্লাহেল বাকী মামলাটির তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে নেওয়ার জন্য মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। বাদী অভিযোগ করেন, তার প্রতিষ্ঠান ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর মিরপুর ১ এ ক্যাপিটাল টাওয়ার ও দুটি বেসমেন্টসহ ১২তলা ভবন নির্মাণের কাজ পায়। ২০০৪ সালের ১৪ অক্টোবর মামলার তিন আসামি- ক্যাপিটাল টাওয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালক শামীমা আক্তার, ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বরকত ও পরিচালক (অর্থ) মো. মহসীন বাদীকে মিন্টো রোডে বুলুর সরকারি বাসভবনে ডেকে নিয়ে যান। তারা ক্যাপিটাল টাওয়ারের নির্মাণ কাজের শতকরা ১০ ভাগ হিসেবে এক কোটি ৭৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগে বলা হয়, আসামিরা বাদীকে বুলুর বাসভবনে সেদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আটকে রেখে স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। পরে ২০০৫ সালে ১৪ মার্চ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় বাদীর কাছে থেকে এক কোটি ১৫ লাখ টাকা চাঁদা নেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসএনডি/১৬১০ ঘ.