ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সুকুরাঞ্জন বিশ্বাস (২৫) নামে এক সেলুন কর্মচারীর মৃত্যু হয়েছে।
একই ঘটনায় আহত সুভাষ (১৮) নামে এক পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
সুকুরঞ্জন জুরাইনের ৬০৫ হৃষিপাড়ার গোপাল বিশ্বাসের ছেলে। তিনি তার বড় ভাই বাসুদেব বিশ্বাসের মালিকানাধীন উত্তর জুরাইনের একটি সেলুনে কাজ করতেন।
বাসুদেব বিশ্বাস হাসপাতালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত নয়টার দিকে সেলুনের মধ্যে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা সুকুরঞ্জনসহ সেলুনের কর্মচারিদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় সুভাষ নামে এক পথচারী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাত করে।
খবর পেয়ে তিনি রাত ১০ টায় সুকুরঞ্জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাসুদেব বলেন, "কী কারণে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তা আমি বুঝতে পারছি না। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমি দোকানে উপস্থিত হই।"
শ্যামপুর থানার উপ-পরিদর্শক মাইনুল হোসেন রাত সাড়ে ১০ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩০০ ঘ.
bdnews24