চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিমেন্ট ও সার পরিবহনে ব্যবহৃত লাইটার জাহাজ ঠিকমতো পরিষ্কার না করে তাতে খাদ্য সামগ্রী তোলায় একটি জাহাজকে জরিমানা ও একটিকে সতর্ক করে দিয়েছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী গত বৃহস্পতিবার এই ব্যবস্থা নেন।
বন্দর কর্মকর্তারা জানান, বিদেশ থেকে বড় জাহাজে (মাদার ভেসেল) করে পণ্য আমদানি করার পর রাসায়নিক সামগ্রী, সিমেন্ট ক্লিংকার, কিংবা সারের মতো শিল্পপণ্য লাইটার জাহাজ করে দেশে বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। আর ভোগ্যপণ্যের ক্ষেত্রে তেজস্ক্রিয় পরীক্ষা, কোয়ারেনটাইন ও বিএসটিআই পরীক্ষা করে তারপর খালাসের অনুমতি দেওয়া হয়। কিন্তু বড় জাহাজ থেকে খোলা কিংবা বস্তাভর্তি খাদ্যসামগ্রী লাইটার জাহাজে করে পরিবহন করা হলে খাদ্যমান যাচাইয়ের কোনো বালাই থাকে না। আর এই সুযোগে রাসায়নিক পরিবহনের কাজে ব্যবহৃত লাইটার জাহাজগুলো ঠিকমতো পরিষ্কার না করেই খাদ্যদ্রব্য পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে আমদানি করা খাদ্যদ্রব্য ব্যাপক হারে দূষিত হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন তারা।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, গত বৃহস্পতিবার বন্দরের জেটিতে এমভি ডুমান গাং নামের একটি বিদেশি জাহাজ থেকে লাইটার জাহাজ এমভি সি লায়ন ও এমভি এইচ জিলানীতে চিনি খালাসের সময় ছোট জাহাজদুটো অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, "এমভি সি লায়নের কার্গো হোল্ডে সিমেন্ট ক্লিংকারের অবশিষ্টাংশ পাওয়া গেছে। স্বাস্থ্য সম্মত উপায়ে পরিষ্কার না করেই এতে খোলা চিনি বোঝাই করা হচ্ছিল। ফলে ক্লিংকারের অবশিষ্টাংশ চিনির সঙ্গে মিশে যাচ্ছিল, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।"
জিজ্ঞাসাবাদে এমভি সি লায়নের মাস্টার ম্যাজিস্ট্রেটকে জানান, কার্গো হোল্ডে আগে সিমেন্ট ক্লিংকার বহন করা হয়েছিল এবং এরপর জাহাজটি ধোয়া হয়নি।
বন্দর ম্যাজিস্ট্রেট বলেন, "এমভি এইচ আর জিলানীতে চিনি বোঝাইয়ের সময় ওই জাহাজ থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছিল। খোঁজ নিয়ে জানা গেছে এতে করে আগে সার পরিবহন করা হয়েছিল।"
অপরিচ্ছন্নতার কারণে আদালত এমভি সি লায়নকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং এমভি এইচ আর জিলানীকে সতর্ক করে দেন। ভবিষ্যতে বন্দর থেকে যে কোনো লাইটার জাহাজে খাদ্য সামগ্রী পরিবহনের আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমএআর/জেকে/২২১৬ ঘ.
bdnews24